বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
বড়লেখায় ঈদুল আজহা ও ১৫ আগস্টকে সামনে রেখে পুলিশের উদ্যোগে মোটরসাইকেল মোবাইল টিম চালু করা হয়েছে। মোটরসাইকেল টিম সব সময় দায়িত্বে থাকবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে তারা তাত্ক্ষণিক ব্যবস্থা নেবে। শুক্রবার থেকে এই মোটরসাইকেল মোবাইল টিমের কার্যক্রম শুরু হয়েছে। প্রতি মোটরসাইকেলে দুজন করে ১০টি মোটরসাইকেলে ২০ জন পুলিশ সদস্য কাজ করছেন। আর এই টহল কার্যক্রম ঈদুল আজহা ও ১৫ আগস্ট পর্যন্ত চলবে। বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, ঈদের সময়টাতে পশুর হাট ও ব্যাংক এলাকায় অসাধু ব্যবসায়ী চক্র ও ছিনতাইকারীরা সক্রিয় থাকে। এই সময় শহরে যানজটও লেগে থাকে। সর্বোপরি ১৫ আগস্টকে সামনে রেখেই এই উদ্যোগ। দিনের যে কোনো সময় হঠাত্ করে মোটরসাইকেল টিমের অভিযান শুরু হয়।
