রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেদী হাসান, মাহমুদ সাকিব, সাইদুল শান্ত, রফিক মিয়া, মনির হোসেন, আবির হোসেন হিমেল প্রমুুখ।
বক্তারা বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি সারা বছর হল খোলা রাখতে পারে তাহলে রাবির হল কেন বন্ধ থাকবে? ক্যাম্পাস খোলার পরপরই অনেকের পরীক্ষা। হল বন্ধ থাকলে এক জন শিক্ষার্থী ক্যাম্পাসে এসে পরীক্ষার প্রস্তুতি কখন নেবে? এছাড়া আমাদের হল বন্ধ থাকলেও শিক্ষকদের কোয়ার্টার ঠিকই খোলা থাকে।
এদিকে, হল বন্ধ ও ভর্তি পরীক্ষার ফরমের মূল্য প্রসঙ্গে ৫ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীরা।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত রাবির আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে হল প্রশাসন।
