বিসিবির নির্বাচন নিয়ে ক্রীড়া পরিষদের কাছে তদন্তের দাবি তামিমদের

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:৫১

গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের প্রক্রিয়া ‘অস্বচ্ছ’ ছিল দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দিয়েছে ঢাকার ক্লাব সংগঠকদের একটি অংশ। রোববার (৮ মার্চ) এনএসসিকে দেওয়া চিঠিতে নির্বাচনের প্রক্রিয়া স্বাধীন কমিটির মাধ্যমে তদন্তের আবেদন জানিয়েছে তারা।

ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাবই এই দাবির সঙ্গে একমত বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ জানিয়ে পরে তিনি সরে দাঁড়ান। জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়নে অস্বচ্ছতার অভিযোগে ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন তোলা আরও ৯ জন প্রার্থিতা প্রত্যাহার করেন।

তদন্তের পাশাপাশি বিসিবির পুরো পরিচালনা পর্ষদই ভেঙে দেওয়ার আবেদন করা হয়েছে কি না, এমন প্রশ্নে তামিম বলেন, ‘এটা সময় বলবে ভাই। ঠিক প্রক্রিয়ায় আবেদন করার দরকার, আমরা সেটাকে বেছে নিয়ে আবেদন করেছি।’

এই সময়ে তদন্তের আবেদন করার কারণ প্রসঙ্গে মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান বলেন, ‘গণতন্ত্র ফিরে এসেছে ১৭ থেকে ১৮ বছর পর। এখন একটা গণতান্ত্রিক সরকার, আমরা মনে করি কথা বলার সঠিক সময় এটা। এই কারণেই আমরা এই আবেদনটা করেছি।’ 

ইত্তেফাক/জেডএইচ