বিদেশি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তিতে আইনি কাঠামো পর্যালোচনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:৫৫

দেশে স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইনি কাঠামো পর্যালোচনা করছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত অজিত সিং-এর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনি কাঠামো পর্যালোচনা করছে, যাতে স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে একাডেমিক মান ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, পেশাগত প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ে সহায়ক আন্তর্জাতিক অংশীদারত্বকে বাংলাদেশ স্বাগত জানায়।

সাক্ষাতে দক্ষতা উন্নয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) ব্যবস্থাসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

কানাডীয় প্রতিনিধিরা জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বিশ্বব্যাংকের মতো সংস্থার সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের টিভিইটি ব্যবস্থা শক্তিশালী করতে কানাডা ইতিমধ্যে সহযোগিতা প্রদান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট সহযোগিতামূলক প্রকল্প গড়ে তুলতে উভয় পক্ষ কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

ইত্তেফাক/এমএএম