কোম্পানীগঞ্জ ১৩ লিস্টার মেশিন ধ্বংস

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:০৯

সিলেট অফিস

কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে প্রশাসন রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে ১৩টি লিস্টার মেশিন ও পাইপ ধ্বংস করেছে। তবে কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানান, কাঠালবাড়িসহ ঐ এলাকার ১৫-২০ জনের একটি চক্র পাথর উত্তোলনের সঙ্গে জড়িত। অভিযান চালালে বাগানের ভেতরে তিনটি মেশিন ও গুচ্ছগ্রাম এলাকায় আরো পাঁচটি মেশিন ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, থানার এসআই মিজানসহ পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এদিকে, কোম্পানীগঞ্জে উত্মা পাথর কোয়ারি এলাকায় অপর এক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাঁচটি লিস্টার মেশিন ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী জানান, উত্মা কোয়ারিতে কিছু লোক যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।