‘মহাসড়কে পশুর হাট বসতে দেওয়া হবে না’

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা মহাসড়কে কোরবানির পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন। তিনি সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভায় এসব কথা জানান। ঈদুল আজহা উপলক্ষে সড়ক ও নৌপথ, কোরবানির পশুর হাট, ঈদের জামাত ও দর্শনীয় স্থানের সার্বিক নিরাপত্তা নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার বলেন, যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। কেউ যদি মহাসড়কের ওপর পশুর হাট বসানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আফরুজুল হক টুটুল, সড়ক পরিবহন নেতা মঞ্জুরুল আলম প্রমুখ।