ক্রিকেট মাঠে একটি বল কখনো কখনো ম্যাচের গতিপথ বদলে দেয়। আবার কখনো সেই একটি বল মুহূর্তেই পুরো স্টেডিয়ামের স্বাভাবিক ছন্দ থামিয়ে দেয়। নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভাল মাঠে ঠিক তেমনই এক উদ্বেগজনক মুহূর্তের জন্ম দেয় একটি বাউন্সার। আর সেই ঘটনার কেন্দ্রে ছিলেন জিম্বাবুয়ে নারী দলের ওপেনিং ব্যাটার কেলিস নধলোভু।
গতকাল নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে নিউজিল্যান্ডের পেসার ব্রি ইলিংয়ের একটি বাউন্সারে মাথায় আঘাত পান নধলোভু। ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ইনিংসের শুরুর দিকে। ওপেনিং জুটিতে মডেস্টার মুপাচিকওয়ার সঙ্গে ২৫ রানের একটি সূচনা গড়েছিলেন নধলোভু। ঠিক সেই সময় ইলিংয়ের করা একটি শর্ট বলের মুখোমুখি হন তিনি।
বাউন্সারটি এড়াতে নিচু হওয়ার চেষ্টা করেছিলেন নধলোভু। তবে বলটি তার হেলমেটে আঘাত করে। আঘাত লাগার সঙ্গে সঙ্গেই তিনি মাঠে লুটিয়ে পড়েন। পরিস্থিতি মুহূর্তেই উদ্বেগজনক হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করেন মেডিক্যাল টিমের সদস্যরা। কিছু সময় মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনায় পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ডানেডিনের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বিস্তারিত পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে নারী দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ কেট এব্রাহিম নধলোভুর সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, 'আমরা কিছু ভালো খবর পেয়েছি। এখন সে সাড়া দিচ্ছে। এটা শুনে সত্যিই খুব ভালো লাগছে।' কোচ আরও জানান, নধলোভু আপাতত বিশ্রামে আছেন এবং স্ক্যানের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

