চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা মাসুমের দুই দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:১১

চট্টগ্রাম অফিস

মহানগরী ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের দুই দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। দিদারুল আলম মাসুমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত রবিবার রাতে ঢাকার বনানী থেকে দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করে পিবিআই। দিদারুল আলম মাসুম মহানগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় নির্দেশদাতা হিসাবে আসামিদের জবানবন্দিতে মাসুমের নাম উঠে আসে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাসুমের ব্যক্তিগত দু’টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। গত শনিবার দুপুরে খুলশী থানায় গিয়ে মাসুম ব্যক্তিগত অস্ত্রগুলো জমা দেন।