ইত্তেফাক রিপোর্ট
কল মানি মার্কেট বা আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে ঋণ নেওয়ার সীমা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইক্যুইটির সর্বোচ্চ ৪০ শতাংশ হারে কল মানি মার্কেট থেকে ঋণ নিতে পারবে। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তা দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
এর আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ইক্যুইটির বিপরীতে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে ঋণ নিতে পারত। এরও আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের নিট সম্পদের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারত।
