সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের সেরা একাদশে চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটারের জায়গা হয়েছে। একাদশে সুযোগ হয়নি রানার্স-আপ নিউজিল্যান্ডের কোন ক্রিকেটারের।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে দ্বিতীয় সর্বোচ্চ দু’জন করে খেলোয়াড় একাদশে আছেন। একজন করে খেলোয়াড় সুযোগ পেয়েছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের। বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।
ব্যাটিং অর্ডার অনুযায়ী ওপেনার হিসেবে আছেন পাকিস্তানের শাহিবজাদা ফারহান ও ভারতের সাঞ্জু স্যামসন। ৭ ইনিংসে ২টি সেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৮৩ রান করেছেন ফারহান। অন্যদিকে, ৫ ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা হন স্যামসন।
তিন নম্বরে রাখা হয়েছে ভারতের ইশান কিষানকে। ৯ ইনিংসে ৩১৭ রান করেছেন তিনি। স্যামসন ও কিশান ৩টি করে হাফ-সেঞ্চুরি করেন।
মিডল অর্ডারে মার্করামের সঙ্গে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের উইল জ্যাকস। মার্করাম ৮ ইনিংসে ২৮৬ রান, পেস বোলিং অলরাউন্ডার পান্ডিয়া ৯ ম্যাচে ২১৭ রান ও ৯ উইকেট শিকার করেছেন। স্পিন অলরাউন্ডার জ্যাকসও ব্যাট-বল হাতে দারুণ ছন্দে ছিলেন। ৮ ম্যাচে ২২৬ রান ও ৯ উইকেট নেন তিনি।
পান্ডিয়ার সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারও। ৭ ম্যাচে ১৪১ রান ও ১০ উইকেট শিকার করেন তিনি। আর স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।
পেস আক্রমণে রাখা হয়েছে ভারতের জসপ্রীত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে। বুমরাহ ৮ ম্যাচে ১৪, এনগিডি ৭ ম্যাচে ১২ ও মুজারাবানি ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালউইক। মাত্র ৪ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: শাহিবজাদা ফারহান, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি।
দ্বাদশ খেলোয়াড়: শ্যাডলি ভ্যান শ্যালউইক।

