চুরির এক মাস পর স্বর্ণালংকার উদ্ধার, ৩ ভাই-বোন গ্রেপ্তার

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৮:৫৮

সাতক্ষীরার শ্যামনগরে চুরির ঘটনার এক মাস পর চোরাইকৃত স্বর্ণালংকারসহ তিন ভাই-বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা মোঃ সাইফুল ইসলাম (৩৮), তার ভাই শেখ শিমুল হোসেন (৩০) এবং তাদের বোন জাকিয়া সুলতানা। সাইফুল ও শিমুল শ্যামনগরের ফুলতলা মাজাট এলাকার শেখ জাকির হোসেনের পুত্র।

পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে ঢাকা জেলার আশুলিয়ার বাগবাড়ি এলাকা থেকে সাইফুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি শ্যামনগর উপজেলার ফুলতলা মাজার গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে।

সাইফুল ইসলামের স্বীকারোক্তির ভিত্তিতে তার ভাই শেখ শিমুল হোসেন (৩০)কে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার নয়াডিঙ্গি গ্রামে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শিমুল জিজ্ঞাসাবাদে জানান, চোরাই স্বর্ণালংকার তার বোন জাকিয়া সুলতানার কাছে রাখা আছে।

এরপর পুলিশ তাদের সঙ্গে নিয়ে মানিকগঞ্জ সদর থানার জায়গির গ্রামে জাকিয়া সুলতানার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ জোড়া স্বর্ণের রুলি, ১টি নেকলেস, ১ জোড়া সুইসুতা কানের দুল, ১ জোড়া ঘন্টাপাশা কানের দুল, ১ জোড়া স্বর্ণের কানের রিং, ৩টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের লকেট এবং ১টি স্বর্ণের নাকফুল উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

থানা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার ফুলতলা মাজার গ্রামের মোদাচ্ছের আলম লিটনের বাড়ি থেকে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং ড্রয়ারে রাখা বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক মাস পর চোরাইকৃত স্বর্ণালংকারসহ তিনজনকে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এসজেএস