কেরানীগঞ্জে অস্ত্রসহ ‘কালা জরিফের’ দুই সহযোগী গ্রেপ্তার 

আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৯:১৭

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে আট মামলার আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিফের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মো. ফাহাদুল ইসলাম ওরফে একলাস (৩১) ও মো. মনির হাওলাদার (৪২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১০ মার্চ) সকালে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস দক্ষিণ) তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অপরাধীদের ধরতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করেন। কখনো অস্ত্র ক্রেতা বা বিক্রেতা, আবার কখনো অস্ত্র ভাড়া নেওয়ার কৌশলে অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সুপার বলেন, কালা জরিফ ও তার সহযোগীদের কাছে অবৈধ অস্ত্র থাকার তথ্য পেয়ে সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কালা জরিফের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসনাবাদ সুপার মার্কেটের একটি তিনতলা ভবনের একটি কক্ষ থেকে একটি নাইন এমএম ক্যালিবার ও দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া তিনটি ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, কালা জরিফের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পলাতক কালা জরিফকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/ডিডি/এসএএস