টিএসসিতে দুই নারীকে হেনস্তা: ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১০ মার্চ ২০২৬, ২১:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই তরুণী ও এক তরুণকে মারধর ও হেনস্তা করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি এবং দু’জন নারীকে লাঞ্ছিত করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত শাহরিয়ার ইসলাম তুষার, শাহরিয়ার তানজিল ও রাকিব আহমেদ

বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী হলেন– থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগ শাহরিয়ার তানজিল।

গত ২৪ ফেব্রুয়ারি সেহরির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চার তরুণ-তরুণী হেনস্তার শিকার হন। ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ঘটনার ভিডিওতে দেখা যায়, এক তরুণ হাতে বাঁশ নিয়ে এক তরুণীকে লাথি দেওয়ার চেষ্টা করছেন।

ইত্তেফাক/এমএস