নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবলীগ নেতার যাবজ্জীবন

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:৩১

অস্ত্র মামলায় আলোচিত যুবলীগ নেতা রিপন খাঁন ওরফে চশমা রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এই আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। 

দণ্ডিত যুবলীগ নেতা রিপন পাগলা নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা বলে পরিচিত। 

আদালতের এপিপি জাসমিন জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুর নয়ামাটি এলাকায় দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ এবং ৫০ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের এসআই মো. আইয়ূব আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তিনি।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিপন ওরফে চশমা রিপন এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন সরকারি দলের অঙ্গ সংগঠন যুবলীগের নাম ব্যবহার করে নানা অপকর্ম করে পুরো কুতুবপুর এলাকা দাবড়িয়ে বেড়িয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ