রাজধানীতে এক নারী সাংবাদিককে যৌন হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, পেশাগত লেখালেখি ও হিজাব না পরার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এমনকি অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী উম্মে সালমা সুলতানা বলেন, তিনি অনন্যা ম্যাগাজিনে নারীর অধিকার ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত লেখেন। তার ভাষ্য, এসব লেখার জেরে কিছু উগ্রপন্থী ব্যক্তির বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হচ্ছে তাকে।
সালমা জানান, গত ৭ আগস্ট অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর সবুজবাগ এলাকায় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। তারা লেখালেখি বন্ধ করার হুমকি দেন এবং ধাক্কাধাক্কির চেষ্টা করেন। তিনি চিৎকার করলে অটোরিকশাচালক গাড়ি থামান। পরে আশপাশে লোকজন জড়ো হওয়ার আশঙ্কায় অভিযুক্ত ব্যক্তিরা সরে যান। সালমা দ্রুত বাসায় ফিরে আসেন।
এ ঘটনার পর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, তাকে এমনভাবে ‘শেষ করে দেওয়া হবে’ বলে হুমকি দেওয়া হয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। এছাড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর বাসার সামনে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে এখনো থানায় কনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
