জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সকাল ৮টায় ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল ৯টায় বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে। পরে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বনানী কবরস্থানে শহিদ শেখ কামালের কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগস্ট মাস এলেই একাত্তরের পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ। শোকাবহ আগস্টকে ঘিরে ষড়যন্ত্রকারীরা যাতে কোনো নাশকতা করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সতর্ক থাকার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আহ্বান জানান।
এর আগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মীরা শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বনানী কবরস্থান মসজিদে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ অসংখ্য সংগঠন শহীদ শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী ক্রীড়া কমপ্লেক্সের পরিচালকবৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দসহ বিভিন্ন সংগঠন শেখ কামালের সমাধি ও প্রতিকৃতিতে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ধানমন্ডির আবাহনী লিমিটেডে ক্রীড়া কমপ্লেক্সে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, তথ্যমন্ত্রী এবং দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
