আজ ৬ আগস্ট বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সন্তোষ গুপ্তর জন্ম ১৯২৫ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি ঝালকাঠির রুনসী গ্রামে। ১৯৫৭ সালে তিনি সাংবাদিকতায় আসেন। তাঁর ‘অনিরুদ্ধের কলাম’ আমাদের বিদগ্ধ মহলে সমাদৃত ছিল। সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে তাঁর ১৮টি গ্রন্থ রয়েছে। সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। তাঁর অসংখ্য লেখা এখনো অগ্রন্থিত রয়েছে। সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক (মরণোত্তর) পেয়েছেন। এছাড়াও তিনি একুশে পদক, শেরে বাংলা পদক, বঙ্গবন্ধু পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহুর হোসেন স্মৃতি পদকসহ বহু পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল ৯টায় পোস্তগোলায় নির্মিত সন্তোষ গুপ্ত স্মৃতিস্মম্ভ -এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সন্তোষ গুপ্তের পরিবারের পক্ষ থেকেও তাঁর স্মৃতিস্মম্ভে শ্রদ্ধা জানানো হবে।
