নাহিদ রানার গতির ঝড়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পাকিস্তান

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬:১৫

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটা ভালো করলেও বাংলাদেশি পেসার নাহিদ রানার তোপে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে শাহীন আফ্রিদির দল। 

আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বেশ ভালোভাবেই সামলান তারা। 

উদ্বোধনী জুটিতে ৪১ রান সংগ্রহ করেন এই দুই পাক ওপেনার। ইনিংসের দশম ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৩৮ বলে ২৭ রান করে নাহিদ রানার বলে আফিফি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শাহিবজাদা। 

এরপর পাকিস্তান শিবিরে আরও জোড়া আঘাত হানেন নাহিদ। শামিল হুসাইন ৭ বলে ৪ ও সাদাকাত ২৮ বলে ১৮ রান করে আউট হন। নাহিদের এমন তোপে চাপে পড়েছে পাকিস্তান। 

সালমান আগাকে সঙ্গে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন মোহাম্মদ রিজওয়ান। আবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাহিদ। ২০ বলে ১০ রান করে ফিরে যান রিজওয়ান।

এরপর সালমান আগাকে আউট করে ৫ উইকেট পূর্ণ করেন নাহিদ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইফার পেলেন এই টাইগার পেসার।

নাহিদের সঙ্গে উইকেট নেওয়ার মিছিলে নাম লেখান মেহেদী হাসান মিরাজ। আব্দুল সামাদকে সাজঘরে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে পাকিস্তান। 

ইত্তেফাক/জেডএইচ