বাংলাদেশের লাখো পরিবারের কাছে চিকিৎসাজনিত কোনো একটি জরুরি অবস্থা মানে শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, বরং তাৎক্ষণিক আর্থিক বিপর্যয়। একটি দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা কিংবা হঠাৎ অস্ত্রোপচার মুহূর্তেই শেষ করে দিতে পারে যেকারো দীর্ঘদিনের সঞ্চয়। অনেক ক্ষেত্রেই মাত্র একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পূর্ণ পরিবারকে ঠেলে দেয় ঋণের দুষ্টচক্রে; জমিজমা বা জীবিকার একমাত্র অবলম্বন বিক্রি, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া কিংবা সুদখোর মহাজনের ফাঁদে পড়ার মাধ্যমে। অথচ এই বাস্তব ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষের বড় একটি অংশ এখনো রয়েছে বীমা সুরক্ষার বাইরে।
বীমার বাইরে থাকা বাংলাদেশ
এশিয়ার অনেক দেশের তুলনায় বাংলাদেশে জনগণের বীমা ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে কম। দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০.৫০% আসে বীমা খাত থেকে। ১৭ কোটির বেশি মানুষের দেশে আনুমানিক মাত্র ১ কোটি ৮০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ মানুষ কোনো না কোনো বীমার আওতায় রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অর্থাৎ দেশের বিপুল সংখ্যক পরিবার হঠাৎ কোনো আর্থিক ধাক্কা সামাল দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি অরক্ষিত।
বীমার প্রতি মানুষের যে একটি বিমুখতা তার কারণগুলো কিন্তু নতুন নয়। সাধারণ মানুষের চোখে বীমা মানেই জটিল নিয়মকানুন, দুর্বোধ্য ভাষা, দীর্ঘ কাগজপত্রের ঝামেলা এবং এমন একটি সেবা যা প্রয়োজনে সহায়তার চেয়ে জটিলতাই বেশি তৈরি করে। এই বাস্তবতায় বীমা বহুদিন ধরেই সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে গেছে।
গল্প বদলাতে চায় ‘ছায়া’
এই চেনা বাস্তবতার মধ্যেই গল্প বদলাতে এগিয়ে এসেছে একটি তরুণ দেশীয় স্টার্টআপ; ছায়া টেকনোলজিস লিমিটেড। ঐতিহ্যবাহী ও ধীরগতির একটি খাতে কাজ করেও অল্প সময়ের মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া ছায়ার জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
তবে ছায়ার গল্প কেবল একটি সফল স্টার্টআপ হওয়ার নয়; এটি সাধারণ মানুষের ঝুঁকি, নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার এক উদ্ভাবনী প্রচেষ্টা।
ছায়ার শুরুটা হয়েছে ঠিক সাধারণ মানুষের একটি স্পষ্ট চাহিদা ও শূন্যতা থেকে। এই স্টার্টআপটির প্রতিষ্ঠাতারা নিজের চোখে দেখেছেন; একটি চিকিৎসাজনিত সমস্যা কীভাবে একটি পরিবারকে আর্থিকভাবে ধ্বংস করে দেয়। কখনো জীবিকার একমাত্র ভরসা রিকশা বা সামান্য জমি বিক্রি করতে হয়, কখনো ব্যয়ের ভয়ে প্রয়োজনীয় চিকিৎসাই নেওয়া হয় না। তারা দেখেছেন এমন এক বাংলাদেশ, যেখানে যাদের আর্থিক সুরক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন, তারাই প্রায়শই সেই সুরক্ষার বাইরে থেকে যায়।
‘সবার জন্য বীমা’—এই ভাবনা থেকেই পথচলা
‘সবার জন্য বীমা’ এই উপলব্ধিই ছায়ার মূল প্রেরণা; বীমাকে কেবল ধনী বা শহুরে অভিজাতদের জন্য নয়, বরং গ্রামাঞ্চলের স্বল্প আয়ের পরিবার, শহরতলীর জনগোষ্ঠী, ক্ষুদ্র ব্যবসায়ী, ফ্রিল্যান্সাররা এমনকি শহরের চাকরিজীবীরাও—যারা প্রচলিত বীমার উচ্চ খরচ ও জটিলতায় পিছিয়ে ছিলেন—সবার জন্য বীমাকে সহজলভ্য করা।
এই লক্ষ্য বাস্তবায়নে ছায়াকে ভাঙতে হয়েছে পুরোনো ধ্যানধারণার বীমা মডেল। তৈরি করতে হয়েছে একটি সম্পূর্ণ নতুন, সহজে ব্যবহারযোগ্য এবং প্রযুক্তিনির্ভর কাঠামো।
সম্পূর্ণ ডিজিটাল মাইক্রো ইনস্যুরেন্স
ছায়া একটি ডিজিটাল মাইক্রো ইনস্যুরেন্স প্ল্যাটফর্ম। একজন গ্রাহক একটি সাধারণ স্মার্টফোন ব্যবহার করেই বীমায় অন্তর্ভুক্ত হতে পারেন, প্যাকেজ দেখতে পারেন, প্রিমিয়াম পরিশোধ করতে পারেন এবং প্রয়োজনে ক্লেইম জমা দিতে পারেন। কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই, নেই দীর্ঘ লাইনে দাঁড়ানো বা কাগজপত্রের জটিলতা। এই সহজে ব্যবহারযোগ্য ব্যবস্থাই ছায়ার শক্তি। বাংলাদেশের বাস্তব জীবনের সঙ্গে মানানসই একটি মডেল যেখানে সময় ও টাকার মূল্য সবচেয়ে বেশি।
সুবিধাবঞ্চিত ও পূর্বে বীমার বাইরে থাকা জনগোষ্ঠীর দিকে নজর
ছায়ার অন্যতম মূল ভিত্তি হলো সীমিত আয়ের মানুষের ওপর মনোযোগ। তারা লক্ষ্য করছে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ, ফ্রিল্যান্সার কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও গ্রামীণ পরিবার—যারা আগে কখনো বীমার আওতায় ছিলেন না—তাদের কিভাবে এই সেবার আওতায় আনা যায়।
একই সঙ্গে এই মডেল মফস্বল ও শহরের সীমিত আয়ের মানুষের জন্যও কার্যকর। তরুণ পেশাজীবী বা বেতনভুক্ত কর্মীদের অনেকেই এখন ছায়ার মাধ্যমে প্রথমবারের মতো বীমার সঙ্গে যুক্ত হচ্ছেন।
স্বল্পমূল্য ও ফ্লেক্সিবল প্রিমিয়াম
ছায়ার প্রতিষ্ঠাতারা গবেষণার মাধ্যমে দেখেছেন যে, একবারে বার্ষিক প্রিমিয়াম দেওয়া অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই তাদের পরিকল্পনা তৈরি হয়েছে গ্রাহকের আয়ের পরিমানের সঙ্গে মিল রেখে। মাসিক বা সাপ্তাহিক ভিত্তিতে অল্প অল্প টাকা পরিশোধের সুযোগ রয়েছে। বিকাশের মতো মোবাইল ওয়ালেটের মাধ্যমে সাবস্ক্রিপশনভিত্তিক অটো-রিনিউয়াল ব্যবস্থা সীমিত আয়ের পরিবারগুলোর মাসিক ব্যয় ব্যবস্থাপনাকেও সহজ করেছে। এতে বীমা এখন পরিবারের নিয়মিত ব্যয়ের একটি ছোট, নিয়ন্ত্রিত অংশে পরিণত হয়েছে।
মোবাইল-ফার্স্ট, কাগজবিহীন প্রক্রিয়া
বাংলাদেশে সাধারণ মানুষের স্মার্টফোন ব্যবহারের হার ছায়ার জন্য বড় একটি শক্তি। তাদের অ্যাপটি সহজে ব্যবহারযোগ্য এবং কম ডেটাতেও কার্যকর। ক্লেইম করার ক্ষেত্রেও একই পদ্ধতি—প্রেসক্রিপশন বা চিকিৎসা বিলের ছবি তুলে আপলোড করলেই প্রাথমিকভাবে ক্লেইম প্রক্রিয়া শুরু করা যায়।
এই মোবাইলকেন্দ্রিক ব্যবস্থা একদিকে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করেছে, অন্যদিকে পরিচালন ব্যয় কমিয়ে দিয়েছে। ফলে কম খরচে বীমা দেওয়া সম্ভব হচ্ছে।
সহজ ভাষায় স্বচ্ছ যোগাযোগ
ছায়ার আরেকটি বড় পার্থক্য হলো যোগাযোগের ধরন। প্রচলিত বীমা খাতের দুর্বোধ্য ভাষা ও জটিল শর্তের বদলে ছায়া সহজ বাংলায় নিজেকে উপস্থাপন করেছে। কি কি ব্যাপার বীমায় কাভার হবে, কি হবে না; সবই স্পষ্টভাবে জানানো হয়। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবিশ্বাস কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই স্বচ্ছতাই সবচেয়ে বড় ভূমিকা রাখছে।
দৈনন্দিন জীবনের জন্য তৈরি পণ্য
ছায়া শুধু সাধারণ স্বাস্থ্যবীমায় সীমাবদ্ধ নয়। ডেলিভারি রাইডারের জন্য আয়হানি ও দুর্ঘটনা কাভারেজ, ক্ষুদ্র চা-দোকানির পণ্যের মজুত ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা এমন বাস্তব প্রয়োজন থেকেই তৈরি হচ্ছে তাদের পণ্য। অভিবাসী কর্মী ও শহুরে জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে পণ্যের পরিসরও বাড়ছে। তাদের লক্ষ্য সব সামাজিক ও অর্থনৈতিক শ্রেণির জন্য একটি সমন্বিত সুরক্ষা ব্যবস্থা।
আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগ
এই প্রযুক্তি ও সামাজিক লক্ষ্যভিত্তিক মডেল দ্রুতই আন্তর্জাতিক স্বীকৃতি পায়। সিঙ্গাপুরভিত্তিক শীর্ষ স্টার্টআপ অ্যাক্সিলারেটর অ্যাক্সিলারেটিং এশিয়াতে নির্বাচিত হওয়া ছিল ছায়ার জন্য বড় অর্জন। পরবর্তীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেকটি অ্যাক্সিলারেটর ইটারেটিভ এবং আন্তর্জাতিক অ্যাক্সিলারেটর অরবিটও ছায়াকে তাদের প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করে। উল্লেখ্য, এসব প্রোগ্রামে বিভিন্ন দেশ থেকে আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুই শতাংশেরও কম প্রতিষ্ঠান চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে থাকে।
দেশীয় পর্যায়ে প্রাথমিক বিনিয়োগ আসে ডেকো ইশো ভেঞ্চার ক্যাপিটাল (ডিআইভিসি) থেকে, যা ছায়ার প্রযুক্তি সম্প্রসারণ ও বিশ্বাসযোগ্যতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্বমঞ্চে বাংলাদেশ
দুবাইয়ের জাইটেক্স গ্লোবাল এবং সিঙ্গাপুরের জাইটেক্স এশিয়ায় অংশ নিয়ে ছায়া আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। ২০২৫ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তারা তিন মহাদেশ থেকে আসা প্রতিযোগীদের হারিয়ে ‘সুপারনোভা চ্যালেঞ্জ’ জিতে নেয়, যা বাংলাদেশের জন্যও একটি গর্বের মুহূর্ত। এতে প্রমাণ হয়, আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ কেবল অংশগ্রহণকারী নয়, বরং অগ্রণী ভূমিকা রাখছে।
মানুষের জীবনে প্রভাবই সবচেয়ে বড় অর্জন
এসব পুরস্কারের চেয়েও বড় অর্জন হলো মানুষের জীবনে পরিবর্তন। আজ হাজারো পরিবার প্রথমবারের মতো বীমার সুরক্ষা পেয়েছে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তারা নিয়মিত চিকিৎসা সেবায় ছাড় পাচ্ছে, যা স্বাস্থ্যসেবা খাতে ব্যক্তি পর্যায়ে দৈনন্দিন খরচ কমাচ্ছে। অনেক গ্রাহকই বলছেন, ছায়া তাঁদের এমন এক আত্মবিশ্বাস দিয়েছে, যা আগে কখনো ছিল না—সংকটে তাঁরা আর একা নন।
সামনে এগোনোর লক্ষ্য
ভবিষ্যতে ছায়া একটি পূর্ণাঙ্গ ওয়েলনেস ও ইনক্লুসিভ ইনস্যুরেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। পরিবার, ক্ষুদ্র ব্যবসা ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নতুন পণ্য, স্বাস্থ্যসেবা অংশীদারিত্ব জোরদার এবং আরও বিস্তৃত এলাকায় পৌঁছানোই তাদের লক্ষ্য। বাংলাদেশে বীমা খাত আগামী কয়েক বছরে দ্রুত সম্প্রসারণের সম্ভাবনায় রয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে নিজেকে স্থাপন করতে চায় ছায়া—এই বার্তা দিয়ে যে বীমা হতে পারে সহজ, সাশ্রয়ী এবং সত্যিকার অর্থেই সবার জন্য।
যে দেশে একটি মাত্র আর্থিক ধাক্কাই লাখো মানুষকে অসহায় করে তোলে, সেখানে ছায়া নীরবে গড়ে তুলছে এমন এক আর্থিক নিরাপত্তাব্যবস্থা—যা বহু মানুষ কখনো ভাবেনি তাদের পক্ষে সম্ভব।
স্থানীয় একটি ভাবনা থেকে বৈশ্বিক স্বীকৃতি পাওয়া এই যাত্রা মনে করিয়ে দেয়—যখন সমস্যাটি বাস্তব হয় এবং সমাধানটি আন্তরিক হয়, তখন পরিবর্তন অনিবার্য।

