উইকেট ভালোই ছিল, পার্থক্য গড়ে দিয়েছে নাহিদ রানা: পাকিস্তানের কোচ

আপডেট : ১১ মার্চ ২০২৬, ২১:৫২

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে হারের পর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম–এর উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। তবে এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারের পর উইকেটকে দায়ী করেননি তিনি; বরং বাংলাদেশের পেসার নাহিদ রানা–কে কৃতিত্ব দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে টাইগাররা, এরপর ১৫ ওভার ১ বলেই জয়ের লক্ষ্য পূরণ করে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেসন বলেন, “উইকেট ভালো ছিল। আমার মতে এটি ভালো আচরণ করেছে। নাহিদ রানা অসাধারণ ছিল। ও বোলিংয়ে আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। কিন্তু সে এসে খেলাটা বদলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “নাহিদ উইকেট টু উইকেট বল করেছে, বোলিংয়ে বৈচিত্র ছিল এবং তার গতিতে সেটাই প্রত্যাশিত। আমরা যেমন জবাব দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি। তাই পুরো কৃতিত্ব নাহিদের।”

এই ম্যাচে নাহিদ রানা ৫ উইকেট নিয়ে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তার প্রশংসা করে হেসন বলেন, “আমি তাকে টিভিতে অনেক দেখেছি, কিন্তু প্রথমবার লাইভ দেখলাম। সে খুব সুন্দরভাবে বোলিং করেছে। বল কঠিনভাবে উইকেটে ঢোকায়, সিম ঠিকভাবে ব্যবহার করে এবং ক্রস-সিমও করে। সে খুবই প্রতিশ্রুতিশীল বোলার।”

নিজেদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “এটা খুবই হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরা নয়, অভিজ্ঞরাও ভালো করতে পারেনি। ভালো বোলিংয়ের সামনে আমরা নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারিনি।”

তবে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করে পাকিস্তানের কোচ বলেন, “তরুণদের শিখতে হবে এবং তাদের বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই তারা অভিষেকেই সেঞ্চুরি করুক, কিন্তু বাস্তবে কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়েই উন্নতি করতে হয়। তাই পরের ম্যাচগুলোতে ধৈর্য ধরে ভালোভাবে লড়াই করতে হবে।” 

ইত্তেফাক/এএম