ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেওয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১১ মার্চ) মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে এ হুঁশিয়ারি দেন তিনি। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা (স্পেন) মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে যা মোটেও ভালো নয়। আমরা স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।’
তিনি আরও অভিযোগ করেন, স্পেন ন্যাটোর সঙ্গে খুবই খারাপ আচরণ করছে এবং তারা তাদের ‘ন্যায্য হিস্যা’ দিতে চায় না। ট্রাম্পের মতে, দেশটি ন্যাটোর নিরাপত্তা সুবিধা ভোগ করলেও প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে সব সময় পিছিয়ে থাকে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান ঘিরে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করেন।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এ সামরিক অভিযানকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে।
ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। পাশাপাশি দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি।
তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় আছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর।
