জজ কোর্টের নাজির সকালে গ্রেফতার বিকেলে জামিন

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২১:৫২

৩৫ কোটি টাকার দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের দুটি মামলায় গতকাল সোমবার সকালে গ্রেফতারের পর বিকেলে জামিনে মুক্ত হলেন নোয়াখালী জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর।   জেলার সিনিয়র স্পেশাল জজ ছালেহ্ উদ্দিন আহমদের আদালত তাকে জামিন প্রদান করেন। গতকাল সকাল  পৌনে ৯টায়  জেলা শহর মাইজদীর কৃষ্ণরামপুরের পল্লবী সরকারি আবাসিক এলাকা সংল্গন আলমগীরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়।   বিকাল ৩টায় তাকে সিনিয়র স্পেশাল জজ ছালেহ্ উদ্দিন আহমদের আদালতে হাজির করা হয়। শুনানী শেষে বিকাল ৪টা ৩০ মিনিটে তাকে অন্তর্বতীকালীন জামিন দেন বিচারক।

এ বিষয়ে দুদকের আইনজীবী আবুল কাশেম তেমন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, বিজ্ঞ আদালত চাইলে যে কাউকেই জামিন দিতে পারেন। এটা আদালতের একান্ত বিবেচনার বিষয়।

জামিনপ্রাপ্ত আসামী মোহাম্মদ আলমগীর ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার হীরাপুর গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে। তিনি ১৯৯৭ সালে স্টেনোগ্রাফার হিসেবে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে যোগদান করেন। বিভিন্ন সময় পদন্নতি পেয়ে তিনি নাজির হন।