আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ডেঙ্গু নির্মূলে সবার সহযোগিতা কামনা করে বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করেও দেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সার্বিক নির্দেশনা দিয়েছেন। তার ডাকে আওয়ামী লীগসহ ১৪ দলের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিত্সক, নার্স, শিক্ষকসহ সব পেশাজীবী ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন। যার যার অবস্থান থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা উচিত।
গতকাল সোমবার কাজীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার বন্যা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদের ছুটিতে ডেঙ্গু গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ছুটিকালীন ঢাকার বাইরে জেলা ও উপজেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিত্সা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভার শুরুতেই ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদত বরণকারী তার পরিবারের সদস্যরা, ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চার নেতা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
