জাবিতে সাইবার বুলিংয়ের অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৩:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নারী শিক্ষার্থীকে সাইবার বুলিং, অশ্লীল ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের অভিযোগের প্রেক্ষিতে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম গোলাম রাব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর করা অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী গোলাম রাব্বানীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। আদেশ অনুযায়ী, সাময়িক বহিষ্কারকালীন ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

ঘটনাটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত ‘শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ধারা অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটিতে সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তামালিকা সুলতানাকে সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর মো. আল-আমিন খান, সহকারী প্রক্টর সামসুজ্জোহা খন্দকার এবং সাদাহাত হোসেন। ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ক্যাম্পাসের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন গোলাম রাব্বানী। সেই ভিডিওর মন্তব্য ঘরে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিষা সরকার একটি বিষয়ে আপত্তি জানান। এর জের ধরে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত অশ্লীল মন্তব্য ও সাইবার বুলিং করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।

ইত্তেফাক/এএইচপি