ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে বিশ্ব তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী ইরান কার্যত বন্ধ করে দিয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এমতাবস্থায় রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত স্বীকার করছে যে, রাশিয়ার তেলের ছাড়া বৈশ্বিক শক্তি বাজার স্থিতিশীল থাকতে পারবে না।’
বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার পর টেলিগ্রামে কিরিল দিমিত্রিভ এ কথা লিখেন।
চিঠিতে জানানো হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিনা বাধায় বিশ্বব্যাপী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। চলমান ইরান যুদ্ধের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে দিলো মার্কিন প্রশাসন।
