অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের তিনটি ভবন দেবে হেলে পড়েছে। গতকাল সোমবার বিকালে কলেজটির মূল ভবন, পুরতন মসজিদ, রোভার ভবন দেবে গিয়ে হেলে পড়ে এবং পুকুরপাড়-সংলগ্ন রাস্তাটি ভেঙে যায়। এতে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার কলেজের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে সংস্কারকাজে ব্যবহূত ড্রেজারের পানির তোড়ে গতকাল বিকালে হঠাত্ করে এই ভবনগুলো বিকট শব্দে দেবে গিয়ে হেলে পড়ে। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মূল ভবনে শ্রেণিকক্ষ ছাড়াও উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও আইসিটি ল্যাব রয়েছে। সেখানে নানা ধরনের পদার্থসহ মূল্যবান জিনিসপত্র রয়েছে। এছাড়া বিশেষায়িত কম্পিউটার ল্যাব রয়েছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এগুলো উদ্ধার করা হবে বলে ফায়ার সার্ভিসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
কলেজটির উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাসেল কবির জানান, পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে সংস্কারকাজে ব্যবহূত ড্রেজারের পানি মূল ভবনের পতিত মাঠে জমছিল এবং অন্যদিকে হরগঙ্গা কলেজের পুকুরের পাশে রাস্তার গাইড ওয়াল নির্মাণের জন্য পুকুরটি খালি করা হয়েছিল। ড্রেজারের পানি কোথায় নিষ্কাশন করা হবে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের কোনো পূর্বপরিকল্পনা ছিল না। তাই ড্রেজারের পানিতে মূল ভবনের পতিত মাঠ ভরে গিয়ে পুকুরে পানি চলে আসে। ক্ষতিগ্রস্ত তিনটি ভবনই পুকুরপাড়ে অবস্থিত। পানির স্রোত হঠাত্ এসে পড়লে খালি পুকুর দ্রুত ভরে গিয়ে ভবনগুলোর নিচের মাটি সরে যায় এবং সেগুলো দেবে গিয়ে হেলে পড়ে। কলেজ ছুটি হয়ে যাওয়ায় সে সময় সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ভবনগুলোকে সোমবার বিকালে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে। উপাধ্যক্ষ নাসিমা আহমেদ জানান, মঙ্গলবার এ বিষয়ে একটি জরুরি সভা ডাকা হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শাহজাহান বাদশা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
