মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে ভাতিজার অস্ত্রাঘাতে চাচা খুন হয়েছেন। টঙ্গিবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, বাজারের মুদি দোকানি মোতালেব মোল্লার (৩৫) সঙ্গে তার সাবেক স্ত্রীর ঝগড়া বাধে। এ নিয়ে দোকানে ভিড় জমে গেলে পাশের দোকানি মোতালেব মোল্লার চাচা কাদের মোল্লা তাকে ধমক দেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ভাতিজা মোতালেব মোল্লা ক্ষুব্ধ হয়ে চাচার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যায়। পরে মোতালেব মোল্লার পরিবার ও চাচা কাদের মোল্লার পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে মোতালেব মোল্লা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ চাচা কাদের মোল্লাকে আঘাত করে বাবাকে রক্ষা করতে গিয়ে কাদের মোল্লার ছেলে জসিমও আহত হন। কাদের মোল্লাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তিনি মারা যান।
ঘটনার পর মোতালেব মোল্লা দোকান ও বাড়িঘর তালা দিয়ে পরিবারের সকলকে নিয়ে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে পুলিশের দুটি টিম অভিযানে নেমেছে।
