নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবাজারের শাড়ি বিক্রেতা মাসুদের (১৮) মৃতদেহ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিতা আব্দুল মান্নান জানান, শুক্রবার বিকালে বন্ধু কামাল বেড়ানোর কথা বলে মাসুদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
পরে মাসুদ ও কামাল ছাড়াও আরো চার বন্ধু মিলে কামরাঙ্গীরচর থেকে একটি বোটে করে সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে ভ্রমণ করতে থাকে। একপর্যায়ে মাসুদের সঙ্গে কথা কাটাকাটি হলে কামাল বাঁশ দিয়ে মাসুদের পিঠে আঘাত করে। তখন নদীতে পড়ে নিখোঁজ হয় মাসুদ।
নিহতের স্বজনরা দুই দিন ধরে বুড়িগঙ্গা নদীতে খোঁজাখুঁজির পর রবিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে পুলিশের সহায়তায় মাসুদের মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের পিতা আব্দুল মান্নান রবিবার কেরানীগঞ্জ মডেল থানায় কামালসহ পাঁচ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
