ফতুল্লার অস্ত্র মামলায় যুবলীগের আলোচিত সন্ত্রাসী রিপন খান ওরফে চশমা রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এই আদেশ দেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করে। যুবলীগের দণ্ডিত নেতা রিপন পাগলা নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে। সে কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা বলে পরিচিত। আদালতের এপিপি জাসমিন জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুর নয়ামাটি এলাকায় দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, ৫০টি ইয়াবাসহ রিপনকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় র্যাবের এসআই মো. আইয়ূব আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ঐ মামলায় জামিনে বেরিয়ে পলাতক রয়েছে সে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিপন ওরফে চশমা রিপন এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগের নাম ব্যবহার করে নানা অপকর্ম করত।
