কাজ দেওয়ার কথা বলে নারী শ্রমিককে নিয়ে গণধর্ষণ, আটক ৫

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:২১

সাভারে এক নারী নির্মাণ শ্রমিককে কাজ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচ ধর্ষককে আটক করেছে। গতকাল সোমবার সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন—জামালপুর জেলার বকশিগঞ্জ থানার টাঙ্গালীপাড়া গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে আরিফ (২২), একই এলাকার শাজাহানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আমিনুল (৩৫), গাইবান্ধার সাঘাটা থানার গহিচড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদল (২২), একই এলাকার কুমারবাড়ী গ্রামের আলতাফ হোসেনের ছেলে কবির (২৬) ও শিমুলবাড়ী গ্রামের জুলহাস মিয়ার ছেলে আলমগীর (২২)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ঐ নারী শ্রমিক গত কয়েক দিন আগে সাভারে আসেন। রবিবার সকাল ৭টার দিকে তিনি সাভার নিউ মার্কেটের সামনে শ্রমিক হাটে কাজের সন্ধানে বসে ছিলেন। এসময় স্থানীয় এক বখাটে ঐ নারীকে কাজ দেওয়ার কথা বলে হাজি ইস্কান্দার আলীর নির্মাণাধীন সাত তলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখানে ঐ নারীকে পাঁচজন মিলে ধর্ষণ করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বলেন, ধর্ষণের মামলা হয়েছে। ঐ নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।