অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ‘নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’র কার্যকরী কমিটি গঠনের দাবি জানিয়েছেন সমিতির আজীবন সদস্যরা। এই দাবিতে গঠিত ‘নোয়াখালী জেলা সমিতি, ঢাকা-আজীবন সদস্য সমন্বয় কমিটি’র পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যেখানে তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা, সেখানে বিগত ১৬ বছরেও নির্বাচন হয়নি। এতে সমিতির বর্তমান ১ হাজার ৭৪০ জন আজীবন সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচিত কমিটি না থাকার কারণে সমিতির কাঙ্ক্ষিত উন্নয়নও হচ্ছে না।
‘নোয়াখালী জেলা সমিতি, ঢাকা-আজীবন সদস্য সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৫ সালে গঠিত ‘নোয়াখালী জেলা সমিতি, ঢাকা’ ২০০২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পরিচালিত হচ্ছে অনির্বাচিত কমিটির মাধ্যমে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন।
