চেকের মাধ্যমে ছয় লাখ টাকা ঘুস গ্রহণের মামলায় ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে এ চার্জশিট অনুমোদন করে। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট দাখিল করা হবে বলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ জুন দুদকের সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন এ মামলাটি মতিঝিল থানায় করেন। মামলায় ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে ছয় লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ করা হয়। ঐ সময় ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি জামাতের চারদলীয় জোট সরকারের যোগাযোগ মন্ত্রী এবং যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। এ মামলাটি দুদকের সমন্বিত জেলা কার্যালয় (ঢাকা-১) এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম তদন্ত করছেন।
