যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) মতো বড় ধরনের নাশকতার মাধ্যমে ইরানকে ফাঁসানোর এক ভয়াবহ নীল নকশা তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। তার অভিযোগ, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের চক্রের অবশিষ্ট সদস্যরা এই ষড়যন্ত্রের নেপথ্যে কলকাঠি নাড়ছে। খবর আলজাজিরার
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এক বিবৃতিতে জানান, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, এপস্টাইনের গ্যাংয়ের অবশিষ্ট সদস্যরা ৯/১১-এর মতো একটি কৃত্রিম সংকট তৈরির পরিকল্পনা করছে। তাদের মূল উদ্দেশ্য হলো এই হামলার দায় ইরানের ওপর চাপিয়ে দেওয়া।
তিনি আরও স্পষ্ট করেন, ইরান এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোর বিরোধী এবং মার্কিন সাধারণ জনগণের বিরুদ্ধে তেহরানের কোনো যুদ্ধ নেই।
সাম্প্রতিক সময়ে জেফরি এপস্টাইনের সঙ্গে আমেরিকার প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক মহলের ঘনিষ্ঠ সম্পর্কের হাজার হাজার গোপন নথি ফাঁস হওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, প্রয়াত এই অপরাধী কয়েক দশক ধরে মার্কিন অভিজাত শ্রেণির সঙ্গে সখ্যতা বজায় রেখে নারী ও শিশু পাচারের মতো জঘন্য অপরাধ চালিয়ে আসছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিভিন্ন সময়ে এপস্টাইনের সঙ্গে দেখা গেছে, যদিও ট্রাম্প তাকে ‘অদ্ভুত লোক’ বলে অভিহিত করে এড়িয়ে যেতে চেয়েছেন। তেহরান বর্তমানে ওয়াশিংটনের নীতিনির্ধারকদের এই অনৈতিক ও কলঙ্কিত অধ্যায়গুলোকে বিশ্ব দরবারে তুলে ধরছে।
