বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার শুনানিতে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না বলেন, মিন্নি এ মামলার চাক্ষুস সাক্ষী। অথচ এক জন আসামির বক্তব্যের প্রেক্ষিতে তাকে আসামি করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।
এ পর্যায়ে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, এ মামলায় অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। সময় প্রয়োজন। এরপর আদালত আজ মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেন।
জেড আই খান পান্না সাংবাদিকদের বলেন, প্রথমত মিন্নি এক জন নারী এবং তিনি অসুস্থ। তিনি এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী। ষড়যন্ত্র করে তাকে আসামি করা হয়েছে। এসব কারণে জামিন চাওয়া হয়েছে।
গত ২৬ জুন রিফাতকে বরগুনার সরকারি কলেজের সামনের সড়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের বাবা আবদুল হালিম দুলাল ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
