আবারও হাইকোর্টে জামিন চেয়ে আবেদন ওসি মোয়াজ্জেমের

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:২৯

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবারও হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন সোনাগাজী থানার সাময়িক বরখাস্তকৃত ওসি মোয়াজ্জেম হোসেন। গত সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দাখিল করা হয়। চলতি সপ্তাহে হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এ জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৯ জুলাই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ মামলায় ওসি মোয়াজ্জেমকে জামিন দেয়নি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় আদালত। এরপর আগস্ট মাসে আবারও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলেন তিনি।

প্রসঙ্গত, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি নিয়ে দেয়া বক্তব্য ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ওঠে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ইতিমধ্যে ওসির বিরুদ্ধে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।