রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় থেকে অপহূত বেঙ্গল গ্লাস ওয়ার্কস ফ্যাক্টরির আইটি শাখার সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান শাহীন বাসায় ফিরে এসেছেন। অপহরণের তিন মাস পর গতকাল সোমবার সকালে তিনি মিরপুর-২ নম্বর সেকশনের বাসায় ফেরেন। তবে এতদিন কোথায় ছিলেন বা কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল—সে ব্যাপারে অপহূতের পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
গত ২ মে সকালে শাহীন তেজগাঁও শিল্পাঞ্চলের অফিসে কাজে যোগ দেন। সেখান থেকে তিনি সন্ধ্যা ৭টা ২২ মিনিটে বের হন। ঐ সময় সিসি ক্যামেরায় দেখা যায়, সাতরাস্তা মোড়ের ফুটপাতের সামনে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। শাহীন ফুটপাত দিয়ে হাঁটার সময় মোবাইল ফোনে চোখ রাখতে দেখা যায়। এ সময় তিন জন মানুষ শাহীনের পেছন দিয়ে তার কাছে যায়। মাইক্রোবাসটি ধীর গতিতে সামনের দিকে চলে আসে। মাইক্রোবাসটির ভেতর থেকে এক জন দরজা খোলেন এবং শাহীনের পেছনে থাকা তিন জন তাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে তুলে দরজা আটকে দ্রুত চলে যায়। ঘটনার পর দিন অপহূতের মামা সাইফুল ইসলাম তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি জিডি করেন। এরপর পুলিশ সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ উদ্ধারের পর অপহূতের শ্যালক রবিউল ইসলাম বাদী হয়ে একটি অপহরণের মামলা করেন।
গতকাল ফিরে আসার পর শাহীনের ভায়রা মো. মঞ্জু বলেন, ‘সকালে তিনি (শাহীন) বাসায় ফিরেছেন। এর বেশি এখন বলা সম্ভব হচ্ছে না। কারণ তার মনের অবস্থা এখন ভালো না। আর আমরা এসব বিষয়ে তার কাছে কিছু জানতেও চাইনি।’ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান বলেন, অপহূত আইটি বিশেষজ্ঞ ফিরে এসেছে এমন খবর কেউ থানায় জানায়নি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
