জনগণের গাড়ি রিকুইজিশন করবে না পুলিশ --- ডিএমপি কমিশনার

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৩৯

গত চার বছরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কোনো গাড়ি রিকুইজিশন করেনি। আর আগামীতেও পুলিশ জনগণের গাড়ি রিকুইজিশন করবে না। কারণ সরকার পুলিশের গাড়ি ভাড়ার জন্য পর্যাপ্ত টাকা দেয় বলে জানিয়েছেন কমিশনার আছাদুজ্জামান মিয়া। রবিবার রাতে ডিএমপির ফেসবুক পেজের লাইভে এসে এসব কথা জানান কমিশনার। পুলিশের গাড়ি রিকুইজিশনের বিষয়ে এক নাগরিক অভিযোগ করলে তিনি এসব কথা বলেন।

ছেলেধরা গুজবের ব্যাপারে তিনি বলেন, যারা গুজব ছড়ায়, তারা স্বাধীনতাবিরোধী চক্র। স্বাধীনতার পর থেকেই যেমন দেশি-বিদেশি চক্র সক্রিয় ছিল, ঠিক তেমনই একটি চক্র গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। অনেককে গ্রেফতার করা হয়েছে, অন্যদের নজরদারিতে রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে হিজড়াদের চাঁদাবাজির ব্যাপারে কমিশনার বলেন, আমি হয়রানি বলব না, এটি গণ-উপদ্রব। তারা সমাজের অবহেলিত, বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হবে। তবে আইনের মানুষ হিসেবে আমি বলব, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া হয়—ফেসবুকে দর্শকদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, টার্মিনালে ডিএমপিসহ বিভিন্ন সংস্থার মোবাইল কোর্ট আছে। আপনারা তাদের কাছে অভিযোগ করুন। সব জায়গায় ?পুলিশের ক্যাম্প রয়েছে। সেখানেও আপনারা অভিযোগ করতে পারেন।