জেল সুপার প্রশান্ত বণিককে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৪১

চট্টগ্রাম কারাগারের সাবেক সিনিয়র জেলসুপার (বর্তমানে বরিশালের জেল সুপার) প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। চট্টগ্রাম কারাগারের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ২৮ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

দুদক সূত্র জানায়, গত বছরের অক্টোবরে ভৈরবে গ্রেফতার হন চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস। ঐ ঘটনার তদন্তে চট্টগ্রামের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক ও বরিশালের জেলসুপার প্রশান্ত কুমার বণিককের নানা অনিয়মের অভিযোগ উঠে আসে। এরপর দুদকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। পরে পার্থকে বদলি করা হয় সিলেটে, প্রশান্তকে বরিশালে। প্রশান্তকে দুদকের টিম অবৈধ সম্পদ, ঘুষের টাকা, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

দুদকের অনুসন্ধান বলছে, চট্টগ্রামের ডিআইজি প্রিজনস থাকার সময় পার্থ গোপাল বণিক দুর্নীতি আর অনিয়মকে ব্যাপকভাবে প্রশ্রয় দিয়েছেন। এ কাজে তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেল সুপার সোহেল রানা।