জবিতে পুরান ঢাকা ও ক্যাম্পাস নিয়ে স্থিরচিত্র প্রদর্শনী

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০০:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হাতের মুঠোয় ‘আমাদের গল্পগুলো’ এই শিরোনামে পুরান ঢাকা ও ক্যাম্পাস নিয়ে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। দৃশ্যগত নৃ-বিজ্ঞানে কোর্সের শ্রেণিপাঠের অংশ হিসেবে নিজ ক্যাম্পাস ও পুরান ঢাকায় আশেপাশের এলাকায় মোবাইলফোনে স্থিরচিত্র ধারণ করেন শিক্ষার্থীরা। গত রবিবার সকাল ১০টায় নৃ-বিজ্ঞান বিভাগ প্রাঙ্গণে এ স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা।

স্থিরচিত্র প্রদর্শনীটি নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা শুভ্রার দিকনির্দেশনায় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ পুরান ঢাকার আশেপাশের শাঁখারীবাজার, ইসলামপুর, গোলাপ শাহ মাজার এলাকায় ঘুরে ঘুরে স্থিরচিত্র ধারণ করে ভিজ্যুয়াল পঠনপাঠন ও পরিবেশন নিয়ে নিজ নিজ শিক্ষানবিশ চিন্তাভাবনা দিয়ে নির্মিত করা হয়।

প্রদর্শনীতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা নারীবাদ, নারী ও লিঙ্গীয় সম্পর্ক বলতে কী বোঝেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জবির শিক্ষার্থীরা কেমন দেখতে চায়। এ প্রশ্নগুলো নিয়ে ১০ মিনিটের দুটি শর্টফিল্ম উপস্থাপন করেন। পরে স্থিরচিত্র নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।