খাল খনন প্রকল্প কেবল ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের অর্থ উপার্জনের মাধ্যম নয়: তথ্যমন্ত্রী 

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৬:৪২

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খাল খনন প্রকল্প কেবল ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের অর্থ উপার্জনের মাধ্যম হতে পারে না। এই প্রকল্পের মূল লক্ষ্য খালগুলোতে নিরবচ্ছিন্ন পানি প্রবাহ নিশ্চিত করা। 

তিনি স্পষ্ট করে বলেন, সরকারি অর্থ চুরির কোনো সুযোগ দেওয়া হবে না এবং কৃষি জমিতে খালের পানির ব্যবহার নিশ্চিত করতে ঠিকাদার ও প্রকৌশলীদের দায়বদ্ধ থাকতে হবে।

মন্ত্রী স্থানীয়দের আহ্বান জানান, তারা যেন প্রকল্পের তদারকি করেন এবং সরকারি কাজ তাদের উপকারে আসছে কি না তা সরাসরি তাকে অবহিত করেন। তিনি প্রতিশ্রুতি দেন, এসব কাজে কোনো মধ্যস্বত্বভোগীর স্থান হবে না।

জনগণের উদ্দেশ্যে জহির উদ্দিন বলেন, ‘আপনারা দেশের মালিক, আর আমরা আপনাদের নির্বাচিত সেবক। আমাদের এমনভাবে প্রশ্রয় দেবেন না যেন আপনারা প্রজা আর মন্ত্রী ও তার চেলা‌পেলা সব মালিক হয়ে যায়। মা‌লিক হলেন আপনারা। আমি এবং আমার সহকর্মীদের সাথে যখন কথা বলবেন তখন কথা বল‌বেন অধিকার নিয়ে।

তিনি বলেন, ‘জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই আমরা দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে জয় লাভ করেছি। জনগণের আস্থা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে কী পরিণতি হয় সেটা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিতে পারি।

ইত্তেফাক/এএম