প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। সোমবার (১৬ মার্চ) আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে।
পাকিস্তানের এই হামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। কাবুলে পাকিস্তানের বিমানবাহিনীর হামলাকে তুলনা করা হচ্ছে ইসরায়েলের হামলার সঙ্গে।
আফগান পেসার নাভিন উল হক নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না।’
পাকিস্তানের এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল মনে করছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। তিনি লিখেছেন, ‘কাবুলে পাকিস্তানের বিমান হামলার ফলে বেসামরিক মানুষের হতাহতের খবর শুনে গভীরভাবে শোকাহত। বেসামরিক বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা চিকিৎসা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো— ইচ্ছাকৃত হোক বা ভুলবশত— এটি একটি যুদ্ধাপরাধ। বিশেষ করে পবিত্র রমজান মাসে মানবজীবনের প্রতি এমন চরম অবহেলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি কেবল বিভাজন ও ঘৃণাকেই আরও উসকে দেবে।’
আফগানিস্তানে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন রশিদ। তারকা আফগান লেগ স্পিনার লিখেছেন, ‘আমি জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা এই নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনে। এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে আছি। জাতি হিসেবে আমরা আবার উঠে দাঁড়াব। সব সময় সেটাই করি। ইনশা আল্লাহ।’

