দিনাজপুরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের, সড়ক অবরোধ

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২০:৫৭

দিনাজপুরের ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনা মোড় এলাকায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। এই ঘটনার জেরে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টায় অজ্ঞাত বাসের চাকায় পিষ্ঠ হয়ে আব্দুল গণি (৬৫) নামে ওই পথচারীর মৃত্যু হয়। পরে বেলা আড়াইটা পর্যন্ত সড়কে অবস্থান নেন স্থানীয়রা।

নিহত আব্দুল গণি ফুলবাড়ী পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, বারোকোনা মোড় হয়ে আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুর গামী একটি অজ্ঞাত বাস আব্দুল গণিকে পিষ্ঠ করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে আড়াই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন সড়ক অবরোধের কারণে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উভয় প্রান্তে ছোটবড় শতাধিক যানবাহন আটক পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী-চালকরা।

এ ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিব ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্তসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ওই এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। ফলে আড়াই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি শাহ আব্দুল লতিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এপি