পারিবারিক বিরোধের জেরে চাচির হাতে খুন আড়াই বছরের শিশু নুজাইফা

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৪

কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে আড়াই বছরের শিশু নুজাইফা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে তার চাচি কল্পনা আক্তারের (১৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করেছে পুলিশ। 

বুধবার(১৮ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুজাইফা ওই গ্রামের আবদুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার স্বীকার করেছেন। শিশুটির মা প্রিয়া খাতুনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে তিনি নুজাইফাকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়ে যান। সেখানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যান।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, দক্ষিণ দাড়েরপাড়া গ্রামের জনৈক তৌহিদের মেহগনি বাগানে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় ওই শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত নুজাইফার মা প্রিয়া খাতুনের দাবি অনুযায়ী ভিক্টিমের ছোট চাচি কল্পনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে কল্পনা স্বীকার করেন যে তিনি শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং মেহগনি বাগানে ঝুলিয়ে রেখেছিল। 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এমএসআর/এনএ