সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১০:০৪

ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

বুধবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে। ‎

বুধবার সন্ধ্যায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত উজ্জ্বল হোসেন উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। বুধবার ভোরে উজ্জ্বল হোসেন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে দুপুরে দিকে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।
‎
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুর রহমান বলেন, সীমান্তে মাদক ও মানব পাচারের সঙ্গে উজ্জ্বল জড়িত ছিল বলে গুঞ্জন রয়েছে। ঘটনার দিন সীমান্ত পার হয়ে ভারতে পারাপারের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, উজ্জ্বল হোসেন নামের একজন বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে জেনেছি। বর্তমানে তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎
‎এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমএসআর