ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পার্বত্যমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১৭:২০

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাঙ্গামাটির বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কৃত্রিমভাবে জ্বালানি সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সরেজমিনে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। 

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, ১৫ মার্চ রাত থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে কঠোর নজরদারি চলছে।

মন্ত্রী বলেন, বর্তমানে কোথাও জ্বালানির ঘাটতি নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে হেল্পলাইন ১৬১০৭ অথবা পুলিশ কন্ট্রোল রুমে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। প্রতিটি টার্মিনালে ভাড়ার তালিকা টাঙানো হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। পরিদর্শনকালে তার একান্ত সচিবসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেএস