ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগামী পরিবহন ওই নারীকে চাপা দিয়ে চলে গেলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে ওই পথচারীকে নারী হিসেবে শনাক্ত করে তার পরিচয় বের করার চেষ্টা চলছে।
