নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে তিনটি লঞ্চকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে পন্টুন দখল ও যাত্রী হয়রানির অভিযোগে ৩৭ জন হকারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি ভঙ্গের কারণে তিনটি লঞ্চকে জরিমানা করা হয় এবং অন্যান্য লঞ্চ পরিচালকদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি যাত্রী হয়রানি ও অবৈধ পন্টুন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধভাবে নৌকায় যাত্রী পারাপারের দায়ে আরও ৬ জন নৌকা চালককে আটক করা হয়।
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এ সময় তিনি সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পাশাপাশি যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে কোনো অনিয়ম দেখলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন।
এদিকে, সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ঈদযাত্রা নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
