দুই সপ্তাহের বেশি সময় ধরে তেল সংকটের মধ্যে দেশ। প্রথমে রেশনিং করে পাম্প থেকে তেল দিয়েছে সরকার। পরে রেশনিং তুলে নিলেও তাতে কমেনি পাম্পগুলোতে দীর্ঘ সারি। এমনকি ঈদের দিনেও তেল নিতে ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর বিভিন্ন তেল পাম্প ঘুরে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তেল পেতে এক-দুই ঘণ্টাও অপেক্ষা করতে হচ্ছে তাদের।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন কার্যত বন্ধ হরমুজ প্রণালি। এতে জ্বালানি সংকটে পড়ছে বিশ্বের অধিকাংশ দেশ। যার প্রভাবে বাংলাদেশেও চলছে অস্থিরতা।
ঈদের দিনে সরেজমিনে দেখা যায়, রাজধানীর আসাদগেটে অবস্থিত দুটি তেল পাম্পের মধ্যে একটি পাম্প বন্ধ। সোনার বাংলা ফিলিং স্টেশন নামে তেলের পাম্পটি খোলা থাকলেও পাম্পের সামনে ব্যক্তিগত পরিবহন ও মোটরবাইকের দীর্ঘ সারি দেখা যায়।
ট্রাস্ট ফুয়েল স্টেশনের সামনেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। এ সময় তেল নিতে আসা সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা যায়।

