রুমান হাফিজ
বন্ধু কথাটি ছোট্ট হলেও এর পরিধি ব্যাপক। বন্ধু শব্দের মাঝে মিশে আছে নির্ভরতা আর বিশ্বাস। বন্ধু আর বন্ধন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বন্ধুত্ব মানেই যেন হূদয়ের সবটুকু আবেগ নিংড়ে, ভালোবাসা দিয়ে মন খুলে জমানো কথা বলা। একজন মানুষের জীবনে ভালো এক জন বন্ধুর প্রয়োজনীয়তা অসীম। এরিস্টটল বলেছেন, ‘দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।’ বন্ধুত্ব গড়ে উঠতে পারে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে। সহপাঠী হোক, হোক সমবয়সি। কোনো তফাত্ নেই সেই বন্ধুত্বের গভীরতায় যদি কোনো খাদ না থাকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী বাপ্পারাজ হাওলাদার এর স্মৃতিময় অনুভূতি, ‘বৃষ্টিতে কাদা মাখানো খেলার সাথী, হোমওয়ার্ক করে দেবার সাথী, ক্লাসে প্রথম বেঞ্চিতে সিট রাখার সাথী, এক কাপ চায়ে বিস্কিট ভেঙে ভাগ করে খাবার বন্ধুগুলোকে বড্ড মিস করি। ওরা ভালো থাকুক।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোমেনা আক্তার মুক্তা বলেন, ‘যে আমার ভুল শুধরে দেয়, সেই আমার প্রকৃত বন্ধু। বন্ধু আমার বিশ্বাস। তার সঙ্গেই আমার পথচলা। জীবনকে উপভোগ করার জন্য একজন সত্যিকারের বন্ধু খুব প্রয়োজন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মতিউর মহসিনের ভাবনাটা এরকম, ‘আমার কাছে বন্ধু মানে, যার সঙ্গে মন খারাপের দিনগুলোকে ছুটি দিয়ে খুশির মুহূর্তগুলো ভাগাভাগি করা যায়। কষ্টের মুহূর্তে ওরা পাশে থাকে। খুনসুঁটিতে মাতিয়ে রাখে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিনার আল হাসানের ভাবনা, ‘বন্ধুত্ব হলো এক সুন্দর সম্পর্ক। বন্ধু মানে হাসি-কান্নার সাথী। বন্ধু মানে আমার হূদয়ের অর্ধেক অংশ। এক বন্ধু অন্য বন্ধুর জন্য প্রাণ দিতেও যেন দ্বিধাবোধ করে না। বন্ধুত্ব দিয়েই পৃথিবী জয় করা যায়।’
অনেক সময় দেখা যায় অনেক বন্ধু তার বন্ধুর জন্য জীবন বাজি ধরতেও রাজি আবার অনেক সময় এই বন্ধুই সবচেয়ে বড়ো শত্রুতে রূপান্তরিত হয়। মনে রাখতে হবে, একজন বন্ধু কিন্তু কেবলই বন্ধু নয় সে তোমার সকল হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ এমনকি সকল বিষয়ের অংশীদার। সেই কথারই পূর্ণ সমর্থন পাওয়া যায় সক্রেটিস এর কথায়, ‘বন্ধুত্ব গড়তে ধীরগতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো।’ আসলে একজন বন্ধুই পারে তোমাকে হাসাতে, তোমাকে যত্ন করে কাঁদাতে। আজ যে তোমার সবচেয়ে প্রিয়, কাছের বন্ধু সে একসময় কোনো কারণবশত তোমার প্রতিদ্বন্দ্বী হবে না! সুতরাং একজন ভালো ও সঠিক বন্ধু নির্বাচন করাটাও অনেক গুরুত্বপূর্ণ কাজ। জয় হোক বন্ধুত্বের।
