মানবতার সেবায় ‘হাসিমুখ’

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৮:১০

  শাহরিয়ার আমিন

 

অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য সদা প্রস্তুত তারা। ‘বঞ্চিত তোর স্নিগ্ধ হাসি হূদয় মাঝে বাজায় বাঁশি’— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ‘হাসিমুখ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

যাত্রার শুরু থেকেই দুস্থ মানুষের সেবায় স্যানিটেশন ক্যাম্পেইন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল এবং তাদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ, প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটানোসহ বিভিন্নভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সুখদুঃখ ভাগাভাগি করছে হাসিমুখ। ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল এবং পরীক্ষার শত ব্যস্ততার পরও প্ররিশ্রমে নিয়োজিত থাকেন সংগঠনের সদস্যরা। ভালোবাসায় ভরা প্রতিটি সদস্যই মানবতার তরে নিবেদিত প্রাণ।

সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কিছু অংশে ৩০০ বন্যাদুর্গত পরিবারকে চাল, ডাল, চিড়া, গুড় এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়। ভবিষ্যতে দুস্থদের সেবায় হাসিমুখ পরিবার সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রয়াস ব্যক্ত করেছে।